TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
রাজনীতি

ব্যক্তিগত ভিডিও ছড়ানোর ঘটনায় জামায়াত নেতার দলীয় পদ স্থগিত

রিপোর্টার: Admin•Bangladesh•
ব্যক্তিগত ভিডিও ছড়ানোর ঘটনায় জামায়াত নেতার দলীয় পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেয় দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

শহীদুল্লাহ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে শহীদুল্লাহর একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা শুরু হলে জরুরি বৈঠকে বসে মহানগর জামায়াত। পরে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে বিষয়টি জানতে চাওয়া হয়। শহীদুল্লাহ ভিডিওটি তাঁর ব্যক্তিগত বলে দাবি করেছেন। তবে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং ঘটনাটিকে নৈতিক স্খলনজনিত অপরাধ হিসেবে বিবেচনা করে তাঁর রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, শহীদুল্লাহর দাবি, ছড়িয়ে পড়া ভিডিওটি তাঁর স্ত্রীর সঙ্গে কাটানো একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তাঁর মুঠোফোন থেকে ভিডিওটি সংগ্রহ করে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি প্রকাশের ভয় দেখিয়ে আগে থেকেই তাঁকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।