TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
রাজনীতি

সালমান-আনিসুলসহ পাঁচ আসামির বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ

রিপোর্টার: Admin•Bangladesh•
সালমান-আনিসুলসহ পাঁচ আসামির বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজেদের পক্ষে মামলা পরিচালনার জন্য বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি পাচ্ছেন না সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমানসহ পাঁচ আসামি। তাঁদের করা আবেদনগুলো বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ বার কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে নাকচ করা হয়েছে।

বার কাউন্সিল সূত্রে জানা গেছে, একাধিক যুক্তিসংগত কারণ বিবেচনায় নিয়ে আবেদনগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।

বৈঠকসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, বাংলাদেশের আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে বিদেশি আইনজীবী নিয়োগের কোনো প্রচলিত রীতি বা নজির নেই। শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশের আদালতেও বিদেশি আইনজীবীদের সরাসরি মামলা পরিচালনার সুযোগ নেই।

বার কাউন্সিলের বিবেচনায় আরেকটি বিষয় ছিল পেশাগত জবাবদিহি। বিদেশি কোনো আইনজীবী বাংলাদেশে মামলা পরিচালনার সময় পেশাগত অসদাচরণ করলে তাঁকে জবাবদিহির আওতায় আনা কিংবা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান বার কাউন্সিল আইনে নেই। এসব দিক বিবেচনা করেই বিদেশি আইনজীবীদের বাংলাদেশের আদালতে সরাসরি মামলা পরিচালনার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে বিদেশি আইনজীবীদের জন্য পুরোপুরি সহযোগিতার পথ বন্ধ হচ্ছে না। তাঁরা আসামিপক্ষের দেশীয় আইনজীবীদের পরামর্শক হিসেবে সহায়তা দিতে পারবেন।

আবেদনকারী পাঁচ আসামির মধ্যে রয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে প্রতিবেদন তৈরির অভিযোগে অভিযুক্ত একাত্তর টিভির সাবেক বিশেষ প্রতিনিধি সাংবাদিক ফারজানা রূপাও আবেদন করেছিলেন।

বৃহস্পতিবার বিকেলের বৈঠকে সদস্যরা আবেদনগুলোর বিষয়ে মতামত দেন। এরপর সর্বসম্মতিক্রমে সেগুলো নাকচ করা হয়। বার কাউন্সিলের এক সদস্য জানিয়েছেন, সিদ্ধান্তের পক্ষে নির্দিষ্ট কারণ তুলে ধরা হয়েছে। আগামী বৈঠকে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হলে তা লিখিত আকারে প্রকাশ করা হবে।