TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
রাজনীতি

বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের, না হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

রিপোর্টার: Admin•Bangladesh•
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের, না হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দাবি আদায় না হলে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে সমাপনী বক্তব্যে নাহিদ ইসলাম এ দাবি জানান। সরকার-সংশ্লিষ্ট সহিংসতা, লুটপাট, অরাজকতা, আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে ঢাকার দুই সিটি করপোরেশনে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। জাতীয় জাদুঘর প্রাঙ্গণ ও আশপাশের সড়কে তাঁদের অবস্থান নিতে দেখা যায়।

বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ছিনতাই-রাহাজানি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের কারণে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাঁর অভিযোগ, জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে এবং এ ব্যর্থতার দায় সবচেয়ে বেশি স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর বর্তায়।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পরিবর্তে সালাহউদ্দিন আহমদ সংবিধান সংশোধনের কাজে বেশি মনোযোগ দিচ্ছেন। গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেওয়ার অভিযোগ তুলে চলমান অরাজকতা ও গুম-খুনের দায় নিয়ে তাঁকে পদত্যাগের আহ্বান জানান নাহিদ। একই সঙ্গে জ্বালানি খাতের পরিস্থিতি সামাল দিতে না পারার অভিযোগে ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগও দাবি করেন।

বিএনপি সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, দেশ পরিচালনায় সরকারের কার্যকর পরিকল্পনা নেই। তাঁর অভিযোগ, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্বের পরিবেশ তৈরি হচ্ছে। তিনি বর্তমান পরিস্থিতিকে নতুন স্বৈরাচারের উত্থান হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে অতীতের স্বৈরাচারী শাসন ও বর্তমান সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গেও কথা বলেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, বর্তমান সরকার শেখ হাসিনার প্রত্যাবর্তন মোকাবিলায় সক্ষম হবে না। এ পরিস্থিতিতে তরুণ সমাজ ও জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম দুই মন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, দাবি পূরণ না হলে দেশজুড়ে মিছিল হবে এবং সেই কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দাবি আদায়ের চেষ্টা করা হবে।