TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
আন্তর্জাতিক

হত্যা মামলার বিচার এড়াতে এআই দিয়ে নিজের মৃত্যুর ভুয়া ছবি, ছাগল দাহ করে ধরা যুবক

রিপোর্টার: Admin•India•
হত্যা মামলার বিচার এড়াতে এআই দিয়ে নিজের মৃত্যুর ভুয়া ছবি, ছাগল দাহ করে ধরা যুবক

ভারতের উত্তরপ্রদেশে হত্যা মামলার বিচার থেকে বাঁচতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নিজের মৃত্যুর মিথ্যা গল্প সাজানোর অভিযোগে রাজকুমার রাজভর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজের মৃত্যু বিশ্বাসযোগ্য করে তুলতে তিনি এআই দিয়ে তৈরি অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি ব্যবহার করেন এবং একটি ভুয়া মৃত্যুসনদ সংগ্রহ করে আদালতেও জমা দেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার রাজকুমারকে গ্রেপ্তারের পর এ তথ্য প্রকাশ করা হয়। ৩৮ বছর বয়সী এই ব্যক্তি ২০১৬ সালে যোগেশ সিংকে হত্যার মামলায় জামিনে ছিলেন। বিচার চলাকালে আইনি প্রক্রিয়া এড়াতে তিনি নিজেকে মৃত দেখানোর পরিকল্পনা করেন বলে পুলিশের অভিযোগ।

তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ মে গাজিপুরে নিজের মৃত্যুর নাটক সাজান রাজকুমার। এ জন্য শ্মশানের চিতায় একটি মরদেহ পড়ে থাকার মতো এআই-নির্মিত ছবি তৈরি করা হয়। পাশাপাশি মানুষের মরদেহের পরিবর্তে একটি ছাগল দাহ করা হয়। ঘটনাটিকে বাস্তব বলে প্রতিষ্ঠা করতে শবযাত্রা ও শেষকৃত্যের ছবিও সাজানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, রাজকুমার মাউ মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে একটি জাল মৃত্যুসনদ সংগ্রহ করে আদালতে জমা দেন। নথিতে তাঁকে মৃত হিসেবে দেখানো হয়েছিল, যাতে হত্যার মামলায় আর বিচারের মুখোমুখি হতে না হয়। এভাবে প্রায় দেড় বছর তিনি স্বাভাবিকভাবে জীবনযাপন করছিলেন বলে তদন্তকারীরা জানিয়েছেন।

কোতোয়ালি নগর পুলিশ, স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) এবং নজরদারি দলের যৌথ অভিযানে রোববার সকাল ৯টার দিকে খাজাঞ্জাহানপুর এলাকার কাছে নিজের বাসভবনের আশপাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

২০১৬ সালের ১৯ ডিসেম্বর মুন্সিপুরা রেললাইনের কাছে গুলিতে নিহত হন যোগেশ সিং। তাঁর ভাতিজা অবিনাশ সিংয়ের অভিযোগের ভিত্তিতে রাজকুমার রাজভর ও তাঁর বন্ধু সুদর্শন রাজভরের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছিল।

অতিরিক্ত পুলিশ সুপার অনুপ কুমার জানান, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অকৃতকার্য রাজকুমার শেয়ারবাজারে ট্রেডিংয়ের কাজ করতেন। বিনিয়োগের কথা বলে বিভিন্ন শহরের প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে তিনি অর্থ সংগ্রহ করেছিলেন বলে পুলিশের অভিযোগ। হত্যা মামলার বিচার এড়ানোর পাশাপাশি ওই অর্থ ফেরত দেওয়ার চাপ থেকেও রেহাই পেতে তিনি নিজের মৃত্যুর ভুয়া ঘটনা সাজিয়েছিলেন বলে ধারণা তদন্তকারীদের।

এ ঘটনায় জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে। মৃত্যুর ভুয়া নথি দিয়ে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা ব্যর্থ হওয়ায় এখন তাঁকে যোগেশ সিং হত্যা মামলার বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।