TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ট্রাম্পের প্রতি জনসমর্থনে রেকর্ড পতন, মুখ ফিরিয়ে নিচ্ছেন নারী ভোটাররাও।

রিপোর্টার: Admin•Bangladesh•
ট্রাম্পের প্রতি জনসমর্থনে রেকর্ড পতন, মুখ ফিরিয়ে নিচ্ছেন নারী ভোটাররাও।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন কমে নতুন রেকর্ডে পৌঁছেছে। রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের কর্মদক্ষতার প্রতি সমর্থন জানিয়েছেন। তাঁর দুই মেয়াদের মধ্যে এটিই সর্বনিম্ন সমর্থনের হার।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে পরিচালিত এই জরিপে দেখা গেছে, কংগ্রেস নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলে ৪৭ শতাংশ নিবন্ধিত ভোটার ডেমোক্র্যাটদের সমর্থন করবেন, যেখানে রিপাবলিকানদের পক্ষে রয়েছেন ৩৫ শতাংশ। অর্থাৎ, দলীয় পছন্দের প্রশ্নে ডেমোক্র্যাটরা ১২ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন।

জরিপে নারী ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটদের প্রতি তুলনামূলক বেশি সমর্থন দেখা গেছে। ৫০ শতাংশ নারী ভোটার জানিয়েছেন, তাঁরা ডেমোক্র্যাটদের ভোট দিতে চান। বিপরীতে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩২ শতাংশ নারী ভোটার।

ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ উঠে এসেছে জরিপে। অংশগ্রহণকারীদের ৬৮ শতাংশ অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের ভূমিকার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন। জ্বালানির উচ্চমূল্যসহ নিত্যপ্রয়োজনীয় ব্যয়ের চাপ মার্কিন পরিবারগুলোর অর্থনৈতিক উদ্বেগ বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জরিপটি অনলাইনে পরিচালিত হয়। এতে অংশ নেন ১ হাজার ৬৭৯ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক, যাঁদের মধ্যে ১ হাজার ২৭৯ জন নিবন্ধিত ভোটার ছিলেন। তবে জাতীয় পর্যায়ের জরিপের ফলাফল দিয়ে কংগ্রেসের প্রতিটি আসনের নির্বাচনী ফল নিশ্চিতভাবে অনুমান করা যায় না।

আগামী মধ্যবর্তী নির্বাচনে এই জনমত রিপাবলিকানদের অবস্থানে কী প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়।