রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এক হাজারের বেশি ড্রোন ব্যবহার করে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। রোববারের এই হামলায় সেন্ট পিটার্সবার্গের একটি তেল রপ্তানি টার্মিনাল ও রুচি তেল ডিপোতে আগুন লাগে। স্থানীয় গভর্নর আলেকজান্ডার বেগলভের তথ্য অনুযায়ী, হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া একটি লজিস্টিক সেন্টার এবং একটি ডেটা সেন্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দেশটির ১৫টি অঞ্চল, দখলকৃত ক্রিমিয়া ও কৃষ্ণসাগর এলাকায় ইউক্রেনের ১ হাজার ১৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে। একই সময়ে ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলেও হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে এক নারী নিহত হয়েছেন এবং ছয় বছর বয়সী এক শিশুসহ অন্তত দুজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, গাড়ি ও একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে, রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের হামলার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও রাশিয়া ইউক্রেনের জ্বালানি, তেল ও গ্যাস স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।




