TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
রাজনীতি

রাজনীতি করতে দেবে না জনগণ’-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রিপোর্টার: Admin•Bangladesh•
রাজনীতি করতে দেবে না জনগণ’-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আওয়ামী লীগকে দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে দলটিকে বাংলাদেশের জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

বুধবার (২১ অক্টোবর) ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বক্তব্যে স্পিকার অভিযোগ করেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটপাট করেছে এবং দলটির সাবেক এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট সরকারের এক প্রতিমন্ত্রীর বিদেশে দুই শতাধিক বাড়ি থাকার তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

নিজ নির্বাচনী এলাকার অতীত পরিস্থিতি তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২০০১ সালের নির্বাচনে এ আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন তোফায়েল আহমেদ। তিনি পরাজিত হওয়ার পর শেখ হাসিনা ঢাকা থেকে এক ব্যক্তিকে এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করান বলে অভিযোগ করেন স্পিকার। ওই ব্যক্তি দুর্নীতির মাধ্যমে লালমোহনে ৫০০ বিঘা জমি ও ঢাকায় একাধিক বাড়ির মালিক হয়েছিলেন বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ৫ আগস্টের পর ওই ব্যক্তি এসব সম্পদ রেখে পরিবারসহ দেশ ছেড়ে পালিয়ে যান।

এ সময় নির্বাচনী এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে স্পিকার জানান, তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তর এবং মেঘনার পাড়ে বিনোদনের জন্য একটি পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিন্টু সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আলহাজ ওমর আসাদ রিন্টু সঞ্চালনা করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার পক্ষ থেকেও স্পিকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।