TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
আন্তর্জাতিক

বিশ্বশান্তির অঙ্গীকারে আজ ৮১তম জাতিসংঘ দিবস।

রিপোর্টার: Admin•Bangladesh•
বিশ্বশান্তির অঙ্গীকারে আজ ৮১তম জাতিসংঘ দিবস।

আজ ২৪ অক্টোবর, ৮১তম জাতিসংঘ দিবস। ১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মধ্য দিয়ে সংস্থাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক এই সংস্থা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। বর্তমানে সংস্থাটির সদস্যরাষ্ট্র ১৯৩টি। জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন পর্তুগালের আন্তোনিও গুতেরেস।

বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্যরাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়। ১৯৮৮ সালে ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে কর্মকর্তা পাঠানোর মধ্য দিয়ে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ শুরু হয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় বাংলাদেশি সামরিক ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ৫টি স্থায়ী ও ১০টি অস্থায়ীসহ মোট ১৫টি সদস্যরাষ্ট্র রয়েছে। স্থায়ী সদস্যরাষ্ট্রগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। এসব দেশের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে।

জাতিসংঘ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি বিশ্বশান্তি, মানবাধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে এবং জাতিসংঘ সনদের মূলনীতি বাস্তবায়নের অঙ্গীকার স্মরণ করিয়ে দেয়।