ব্রাজিলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি এক কাল্পনিক নারীর প্রেমে পড়ে নিজের সব সম্পদ বিক্রি করে প্রায় ১ হাজার ২০০ মাইল পাড়ি দিয়েছেন ৪৯ বছর বয়সী এডিমার মার্টিন্স। বিয়ের স্বপ্ন নিয়ে গন্তব্যে পৌঁছে তিনি জানতে পারেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা সেই নারীর বাস্তবে কোনো অস্তিত্বই নেই।
মারানিয়াও রাজ্যের বাসিন্দা মার্টিন্স ২০২০ সালে ‘জেসিকা অলিভেইরা’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে খামারকেন্দ্রিক জীবনযাপনের ভিডিও দেখেন। সেখানে থাকার জায়গা ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হতো। মায়ের মৃত্যুর পর একাকিত্বে ভোগা মার্টিন্স ওই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে নতুন জীবন শুরুর আশায় গত ৯ অক্টোবর নিজের জিনিসপত্র বিক্রি করে বেলো হরিজন্তের উদ্দেশে যাত্রা করেন।
১১ অক্টোবর সেখানে পৌঁছে ছবিটি নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ওই নারীকে পাননি তিনি। পরে একটি স্থানীয় রেডিও স্টেশনে গিয়ে জানতে পারেন, জেসিকা আসলে এআই দিয়ে তৈরি কাল্পনিক চরিত্র। অ্যাকাউন্টটির পরিচালনাকারীও পরে চরিত্রটি এআই-নির্মিত বলে স্বীকার করেন। তাঁর দাবি, অ্যাকাউন্টের সম্পৃক্ততা বাড়িয়ে সেটি বিক্রি করাই ছিল উদ্দেশ্য; মার্টিন্সের সঙ্গে সরাসরি যোগাযোগ বা তাঁকে সেখানে যাওয়ার আমন্ত্রণ জানানোর কথা তিনি অস্বীকার করেন।
যাত্রায় সব অর্থ ব্যয় করে বিপাকে পড়লে স্থানীয় পৌর কর্তৃপক্ষ তাঁকে খাবার, গোসলের সুবিধা ও বাড়ি ফেরার বাসের টিকিট দিয়ে সহায়তা করে। তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও মার্টিন্স জীবনসঙ্গী খোঁজার আশা ছাড়েননি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে এআই-নির্মিত পরিচয় ব্যবহার করে মানুষের আবেগ ও একাকিত্বকে কাজে লাগানোর ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সূত্র:এনডিটিভি




