TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
রাজনীতি

‘বিএনপি পাঁচ বছর শাসন করলে দুর্ভিক্ষে মরতে হবে’—রাশেদ প্রধান।

রিপোর্টার: Admin•Bangladesh•
হালনাগাদ:
‘বিএনপি পাঁচ বছর শাসন করলে দুর্ভিক্ষে মরতে হবে’—রাশেদ প্রধান।

বিএনপি সরকারকে ‘নতুন জালেম’ আখ্যা দিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দলটি টানা পাঁচ বছর দেশ শাসন করলে জনগণ দুর্ভিক্ষের মুখে পড়বে। তেলের দাম, গ্যাস ও সিলিন্ডারের মূল্য, সার সংকট, সিন্ডিকেট এবং দলীয়করণ নিয়ে বিএনপির সমালোচনা করেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নওগাঁ শহরের একটি কমিউনিটি সেন্টারে জাগপার জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাশেদ প্রধান।

তিনি বলেন, তাঁরা দুর্ভিক্ষে মারা যাওয়ার জন্য আসেননি। কোনো ধরনের ভয়ভীতি দেখিয়ে তাঁদের আন্দোলন থেকে সরানো যাবে না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস না করার ঘোষণা দিয়ে তিনি বলেন, দেশের মাটিতে নতুন করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না এবং বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে না।

উত্তরবঙ্গের উন্নয়ন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন জাগপার এই মুখপাত্র। তাঁর অভিযোগ, রাজশাহী শহর ছাড়া রাজশাহী বিভাগের অন্যান্য এলাকা এবং পুরো রংপুর বিভাগে দৃশ্যমান উন্নয়ন নেই বললেই চলে। কয়েকটি মহাসড়ক পাকা করাকে সামগ্রিক উন্নয়নের প্রমাণ হিসেবে দেখানো যায় না বলেও মন্তব্য করেন তিনি।

আন্দোলনের প্রসঙ্গে রাশেদ প্রধান বলেন, উত্তরবঙ্গের মানুষ অন্যায়ের বিরুদ্ধে বারবার প্রতিবাদে নেমেছে। প্রয়োজন হলে তাঁরা আবারও আন্দোলনে নামতে প্রস্তুত। জুলাইয়ের মতো আন্দোলনের প্রয়োজন হলে আবারও রাজপথে নামবেন বলে জানান তিনি।

১১ দলীয় জোটের রাজনৈতিক লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, এই লড়াই কোনো নির্দিষ্ট দল বা জোটকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়; বরং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য। ব্যক্তিগতভাবে ক্ষমতার প্রতি তাঁর আকাঙ্ক্ষা নেই উল্লেখ করে তিনি এমন একটি দেশ দেখতে চান, যেখানে বিদেশি আধিপত্য থাকবে না, মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

নিজের বাসায় হামলার অভিযোগ তুলে রাশেদ প্রধান আরও বলেন, ভয় দেখিয়ে তাঁকে দমিয়ে রাখা সম্ভব নয়। মৃত্যুভয়েও তিনি তাঁর অবস্থান থেকে সরে আসবেন না বলে বক্তব্য দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগপার নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান। এতে নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম, খেলাফত মজলিসের জেলা সভাপতি রেজাউর রহমান, এবি পার্টির জেলা আহ্বায়ক কাজী আতিকুর রহমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

তথ্যসূত্র

ঢাকাপোস্ট, আজকের পত্রিকা, দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা