দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা বা ডিভি লটারি। ট্রাম্প প্রশাসনের এ কর্মসূচি বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে করা মামলায় গত সোমবার একটি ফেডারেল আদালত ডিভি লটারি পুনরায় চালুর পক্ষে রায় দিয়েছেন।
প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যে লটারির বিজ্ঞপ্তি প্রকাশ এবং ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণের পোর্টাল চালুর নির্দেশ দেওয়া হয়েছে। নিবন্ধন কার্যক্রম অন্তত ৩০ দিন চালু রাখার কথা রয়েছে। পাশাপাশি, ৩ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত আবেদনকারীদের বিষয়ে নোটিশ দেওয়ার সময়সীমাও নির্ধারণ করা হয়েছে।
তবে এবারের ডিভি লটারিতে বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ২০১২ সাল থেকে বাংলাদেশিরা এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে ৫০ হাজারের বেশি বাংলাদেশি অভিবাসী যাওয়ায় দেশটি ডিভি লটারির জন্য অযোগ্য হয়ে পড়ে।
আগামী ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পর বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।
এদিকে, আবেদনপদ্ধতি ও যোগ্যতার শর্ত সম্পর্কে সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে অর্থের বিনিময়ে ডিভি লটারিতে নির্বাচিত করে দেওয়া কিংবা গ্রিন কার্ড নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া প্রতারকদের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ডিভি লটারির আবেদন যুক্তরাষ্ট্র সরকারের নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিনামূল্যে করতে হয়।




