TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
রাজনীতি

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা নিখিলের ভূমিকা নিয়ে আলোচনা।

রিপোর্টার: Admin•Bangladesh•
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা নিখিলের ভূমিকা নিয়ে আলোচনা।

চট্টগ্রাম নগরের জে এম সেন হলের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অতিথিদের অভ্যর্থনা জানাতে দেখা গেছে অ্যাডভোকেট নিখিল কুমার নাথকে। মঙ্গলবার রাতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের ওই অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বও পালন করেন তিনি। তবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি সামনে আসায় এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

নিখিল কুমার নাথ রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য। সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হাছান মাহমুদের নির্বাচনি এলাকা রাঙ্গুনিয়ায় দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় তিনি। স্থানীয় রাজনীতিতে হাছান মাহমুদের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টিও আলোচিত। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সরকারি বিভিন্ন পদে দায়িত্ব পালনের পাশাপাশি উত্তর রাঙ্গুনিয়া কলেজের গভর্নিং বডির সভাপতিও হয়েছিলেন।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে তার সঞ্চালকের দায়িত্ব পালন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন বিএনপির কয়েকজন নেতা-কর্মী। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পাঠাগার সম্পাদক মাসুদ উল হক চৌধুরী ফেসবুকে প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর পাশে আওয়ামী লীগ নেতা কীভাবে?’

তবে নিখিল কুমার নাথের বক্তব্য, পূজা উদযাপন পরিষদের দায়িত্বশীল নেতা হিসেবেই তিনি অনুষ্ঠানে ভূমিকা রেখেছেন। আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকার কথা স্বীকার করে তিনি দাবি করেন, কারও ক্ষতি করেননি।

বৃহস্পতিবার বিকেলে নিখিল বলেন, ‘বিএনপির লোকেরা আমাকে ভালোবাসেন। আমাদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসেছেন। তিনি তো সবার। সে হিসেবে আমাদেরও।’

পেশায় আইনজীবী নিখিলের রাজনৈতিক সম্পৃক্ততা ছাত্রজীবন থেকেই। উত্তর জেলা ছাত্রলীগ, আইন কলেজ ছাত্রলীগ এবং রাঙ্গুনিয়া উপজেলা, ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। পরবর্তী সময়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক হন।

২০২১ সালের ২২ জুন প্রকাশিত স্থানীয় একটি সংবাদে তাকে উত্তর রাঙ্গুনিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত করার তথ্য জানানো হয়। ওই সময় তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি), রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে নিখিলের উপস্থিতি ও দায়িত্ব পালন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।