TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে চার জাহাজে ইরানের হামলা, মার্কিন ঘাঁটিতে বড় পদক্ষেপের হুঁশিয়ারি

রিপোর্টার: Admin•Bangladesh•
পারস্য উপসাগরে চার জাহাজে ইরানের হামলা, মার্কিন ঘাঁটিতে বড় পদক্ষেপের হুঁশিয়ারি

পারস্য উপসাগরে চারটি জাহাজে একযোগে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। হামলার পর জাহাজগুলোতে আগুন ধরে যায় বলে জানিয়েছে বাহিনীটি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, বুধবার (২১ অক্টোবর) চারটি জাহাজের গতিবিধি শনাক্ত করার পর সেগুলোতে একই সময়ে হামলা চালানো হয়। জাহাজগুলো অবৈধভাবে তেল পরিবহনের কাজে জড়িত ছিল বলে দাবি করেছে ইরান। এ ছাড়া হরমুজ প্রণালির পশ্চিমে আরও তিনটি জাহাজ মাইনের সঙ্গে ধাক্কা খেয়েছে বলেও জানিয়েছে দেশটি।

আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ অঞ্চলে মার্কিন বাহিনীর উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে এর জবাব আরও ব্যাপক হতে পারে। তবে হামলার বিষয়ে স্বাধীনভাবে বিস্তারিত তথ্য যাচাই করা যায়নি।

এদিকে, হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের নিন্দা জানাতে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি গোলামহোসেইন দারজি এক চিঠিতে যুক্তরাষ্ট্রকে সামরিক আগ্রাসন বন্ধ ও নৌ অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানানোর অনুরোধ করেন। তিনি বলেন, যেকোনো আগ্রাসনের জবাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে ইরান।

অন্যদিকে, ইরানের সঙ্গে আলোচনা চলছে—এমন ধারণা নাকচ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতির সমাধান খুব শিগগিরই হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প আরও দাবি করেছেন, সামরিক ও অর্থনৈতিক—দুই দিক থেকেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে।