TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
রাজনীতি

নাহিদ ইসলামকে নিয়ে ইশরাকের ক্ষোভ, ‘নতুন বন্দোবস্তের নামে ঘোড়ার ডিম রাজনীতি’

রিপোর্টার: Admin•Bangladesh•
নাহিদ ইসলামকে নিয়ে ইশরাকের ক্ষোভ, ‘নতুন বন্দোবস্তের নামে ঘোড়ার ডিম রাজনীতি’

মাদকবিরোধী অভিযান নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মাদক সমস্যা ও এর প্রতিকার নিয়ে কথা না বলে নিজের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন বলে অভিযোগ করেছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তরুণ প্রজন্ম নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে পরিবর্তনের যে প্রত্যাশা করছে, তা পূরণ হবে না। মঙ্গলবার (২০ অক্টোবর) মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

পোস্টে ইশরাক জানান, নাহিদ ইসলামকে তিনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের একজন ধারক হিসেবে বিবেচনা করতেন। কিন্তু মাদক নির্মূলের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা না করে তাঁর বিরুদ্ধে অপরাধ খোঁজার পরামর্শ দেওয়ায় হতাশ হয়েছেন। ইশরাকের ভাষ্য, আগে মাদক সমস্যার সমাধান নিয়ে কথা বলা উচিত ছিল, এরপর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি আসতে পারত। তিনি আরও দাবি করেন, এনসিপির একজন নেতা তাঁকে ফোন করে মাদকবিরোধী পরবর্তী অভিযানে সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করেছেন।

আইনপ্রণেতা হিসেবে পুলিশকে সঙ্গে নিয়ে বৈধ উপায়ে অভিযান চালানোর পরও যদি ফৌজদারি মামলার আশঙ্কা থাকে, তাহলে মাদক নির্মূল কীভাবে সম্ভব—এমন প্রশ্নও তোলেন ইশরাক। তাঁর বিরুদ্ধে মামলা করতে চাইলে তিনি আত্মসমর্পণ করে কারাগারে যেতে প্রস্তুত বলেও পোস্টে উল্লেখ করেন। একই সঙ্গে মাদক নির্মূলে ভিন্ন পদ্ধতিতে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন এবং বড় মাদক কারবারি ও বিক্রেতাদের উদ্দেশে শিগগিরই আরও পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন।