রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে তাহসিফ সৌরি নামে বিমানবাহিনীর এক চাকরিচ্যুত কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) নদীর রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
তাহসিফ সৌরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন। জানা গেছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তিনি নিখোঁজ হন। পরদিন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান বৃহস্পতিবার সকালে জানান, বুধবার বিকেলে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা নদী থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন।
২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিও ধারণের সঙ্গে তাহসিফ সৌরির নাম জড়িয়ে আলোচনা রয়েছে।
তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং কী পরিস্থিতিতে তিনি নদীতে গিয়েছিলেন, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি।




