TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
আন্তর্জাতিক

কানাডায় ভিসা জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা।

রিপোর্টার: Admin•Bangladesh•
কানাডায় ভিসা জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা।

কানাডায় ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা হয়েছে। কানাডা সীমান্ত সেবা সংস্থার (সিবিএসএ) তদন্তে ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য জমা দেওয়া ২৪৩টি অস্থায়ী ভিসার আবেদনে জাল নথি ব্যবহারের তথ্য উঠে এসেছে।

অভিযুক্তদের মধ্যে চারজন কুইবেকের ভ্যালিফিল্ড আদালতে হাজির হয়েছেন। তাঁরা হলেন রাসেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাসসার আলম ভূঁইয়া ও কাজী নাফিজ আলম। অপর অভিযুক্ত মো. রাকিবুল হাসান বাংলাদেশে অবস্থান করছেন বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সিবিএসএর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে কুইবেকের মার্সিয়ার এলাকার একটি বাসায় তদারকিমূলক অভিযান থেকে সম্ভাব্য অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য পাওয়া যায়। ওই বছরের আগস্টে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়। পরে ২০২৫ সালের জুনে কুইবেক ও অন্টারিওর চারটি স্থানে তল্লাশি চালিয়ে নথি, কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করা হয়। তদন্তে ২৪৩টি আবেদনের মধ্যে ৭৯টি বিশেষভাবে পরীক্ষা করা হয়।

পাঁচজনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অন্যদের কানাডায় প্রবেশে সহায়তা, ভিসার আবেদনে মিথ্যা তথ্য দেওয়া বা গুরুত্বপূর্ণ তথ্য গোপনে সহযোগিতা এবং অভিবাসন আইন লঙ্ঘনে সহায়তার অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি এবং বিচারিক প্রক্রিয়া চলছে।

অভিবাসন-সংশ্লিষ্টদের মতে, ভিসার আবেদনে জাল নথি বা মিথ্যা তথ্য দিলে আবেদন বাতিলসহ কানাডায় প্রবেশে অন্তত পাঁচ বছরের নিষেধাজ্ঞা আসতে পারে। তাই আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য ও কাগজপত্রের সত্যতা যাচাই করা জরুরি।

তদন্তের আওতায় ২০৯ জনের জন্য জমা দেওয়া আবেদন এলেও এর অর্থ এই নয় যে প্রত্যেক আবেদনকারী জালিয়াতিতে জড়িত। একইভাবে, আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের দোষী বলা যায় না।