রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তাঁকে ডেকে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে সরকারসংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
শনিবার গেন্ডারিয়ার দয়াগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাকের চিৎকার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে সমালোচনা তৈরি হয়। ইশরাকের দাবি, সম্ভাব্য হামলার আশঙ্কায় আত্মরক্ষার জন্য তিনি ও তাঁর নিরাপত্তারক্ষীরা অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, অস্ত্রটি বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত। অভিযানে কয়েকটি মাদকের আস্তানা উচ্ছেদ, ছয়জনকে আটক এবং বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
ঘটনাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে আইন লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, অভিযানের আগে পুলিশের সঙ্গে সমন্বয় করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগে বিতর্কিত কর্মকাণ্ড ঘিরে রাজনৈতিক দায়ের প্রশ্নে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিও পদত্যাগ করেছিলেন।
সুত্র:প্রথম আলো




