TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

২৪৭ শিক্ষার্থী ফেল করায় শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ।

রিপোর্টার: Admin•Bangladesh•
২৪৭ শিক্ষার্থী ফেল করায় শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ।

এইচএসসি পরীক্ষায় ৩০০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জনই অকৃতকার্য হওয়ায় কুমিল্লার মনোহরগঞ্জে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে প্রতিবাদ জানিয়েছে উপজেলা ছাত্রদল। শিক্ষার মান ও ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

রোববার (১ নভেম্বর) সকালে কলেজের অফিস কক্ষে গিয়ে অধ্যক্ষ নাজমা বেগমসহ শিক্ষকদের হাতে ফুলের তোড়া তুলে দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী, সহসভাপতি সজিবুর রহমান শান্ত, নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তারিক আজিজ, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনসহ কলেজ ছাত্রদলের নেতারা।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী বলেন, এমন ফলাফলের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়িয়ে যেতে পারে না। এ ঘটনার প্রতিবাদ জানাতেই অধ্যক্ষ ও শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে রাজনৈতিক পরিচয় বা তদবিরের ভিত্তিতে কোনো শিক্ষার্থীর ফরম পূরণের জন্য ছাত্রদল কিংবা বিএনপির কোনো অঙ্গসংগঠনের নেতাকর্মী কলেজে যাবেন না—এ কথা শিক্ষকদের জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মেধার ভিত্তিতেই ফরম পূরণের সুযোগ দিতে হবে, রাজনৈতিক পরিচয়কে বিবেচনায় নেওয়া যাবে না।

মেহেদী বলেন, ফুলের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। শিক্ষার মান উন্নয়ন এবং ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফল করতে পারে, সে ক্ষেত্রে ছাত্রদল সহযোগিতা করবে।

এ বিষয়ে বক্তব্য জানতে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজমা বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।