শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় কেউ কেউ শ্রমিক আন্দোলনকে কাজে লাগিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাকশিল্পের মালিকদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়কে আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। শ্রমিকদের আন্দোলনের আড়ালে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে কিংবা আইনের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড চালাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও অভিযোগ করেন, পতিত শক্তির কিছু সহযোগী দেশে সক্রিয় রয়েছে। সাম্প্রতিক সময়ে অস্থিতিশীলতা তৈরির যেসব চেষ্টা হয়েছে, সেগুলোর সঙ্গে প্রকৃত শ্রমিকদের সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় এসব তৎপরতা চালানো হচ্ছে।
ডিসেম্বর মাসকে ঘিরে বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এ মাসে সরকারের অনেক কর্মসূচি রয়েছে এবং তা অব্যাহত থাকবে।
পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, তারা চাইলে দ্রুত দেশে ফিরতে পারেন। তাঁদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পলাতক নেতাকর্মীরা ডিসেম্বরকে ঘিরে নানা বক্তব্য দিচ্ছেন। তাঁদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানানো হয়েছে। ডিসেম্বর নিয়ে এসব বক্তব্যের মাধ্যমে পলাতক নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।




