গত সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন এবং জ্বালানি খাতেও সরকার কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এসব ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতিতে জনগণ অসহায় বোধ করছে। জনগণের অধিকার আদায়ে এই সরকারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে নাহিদ বলেন, গত সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে তিনি ব্যর্থ হয়েছেন এবং সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে, জ্বালানি খাতে সরকার কোনো উদ্যোগ নিতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। সরকারের এই ব্যর্থতার জন্য দুই মন্ত্রীকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান এনসিপি নেতা।




