শিক্ষা প্রশাসনে একাধিক পদে রদবদল করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর অঞ্চলের উপপরিচালক (কলেজ) পদে সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশীদকে পদায়ন করা হয়েছে। এ ছাড়া আরও চার কর্মকর্তাকে বিভিন্ন সরকারি কলেজে বদলি ও পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়। উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেটের মুরারিচাঁদ সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীরকে সিলেট শিক্ষা বোর্ডের সচিব করা হয়েছে। অন্যদিকে, রংপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশীদ দায়িত্ব পেয়েছেন মাউশির রংপুর অঞ্চলের উপপরিচালক (কলেজ) হিসেবে।
এ ছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) উপসচিব সিরাজুল ইসলামকে ঢাকার সরকারি কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজে বদলি করা হয়েছে। মাউশির রংপুর অঞ্চলের বর্তমান উপপরিচালক (কলেজ) মো. কামরুজ্জামান পাইকগাছকে পদায়ন করা হয়েছে রংপুরের কারমাইকেল সরকারি কলেজে।
অন্যদিকে, পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. শাহাদৎ হোসেনকে বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে এবং মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. উমর ফারুককে ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন পাওয়া কর্মকর্তাদের আগামী ১০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণ থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।




