TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

গাইবান্ধায় মানসিক ভারসাম্যহীন নারীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ - হাসপাতালে চিকিৎসাধীন

রিপোর্টার: Admin•Gaibandha, Bangladesh•
গাইবান্ধায় মানসিক ভারসাম্যহীন নারীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ - হাসপাতালে চিকিৎসাধীন

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে এক মানসিক ভারসাম্যহীন নারীকে গাছের সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে। গুরুতর আহত ওই নারী বর্তমানে গাইবান্ধা জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মো. গোলাপ উদ্দিন (২৩) গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, গত ২ নভেম্বর উত্তর বালাআটা গোবিন্দপুর গ্রামের বাসিন্দা সাদা মিয়া ওই নারীকে কাজের কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁকে মারধর ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর ছেলে।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় অন্য অভিযুক্তরাও তাঁকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহত নারীকে উদ্ধার করে গাইবান্ধা জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

মো. গোলাপ উদ্দিন অভিযোগে উল্লেখ করেছেন, মায়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় ঘটনার পরপরই থানায় অভিযোগ জানাতে পারেননি। লিখিত আবেদনে সাদা মিয়াসহ কয়েকজনের নাম উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।