TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে গোলাগুলি - সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জন

রিপোর্টার: Admin•Bangladesh•
টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে গোলাগুলি - সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জন

কক্সবাজারের টেকনাফে মানব পাচারবিরোধী যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে গোলাগুলিতে মো. তিতাস শেখ (২৮) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রামুর ১০ পদাতিক ডিভিশনের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই অভিযানে মানব পাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার দুর্গম পাহাড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি হয়। এতে সেনাসদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন।

নিহত তিতাস শেখের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে। তাঁর বাবার নাম আফজাল হোসেন। তিনি বিবাহিত ছিলেন এবং টেকনাফের রঙ্গিখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে তিতাস আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে সশস্ত্র ব্যক্তিদের ছোড়া গুলি তিতাসের বুকের বাঁ পাশের ওপরের অংশে লাগে। আহত অবস্থায় তাঁকে প্রথমে টেকনাফের লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে রামুর সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাহাড়ে আটকে রাখা হয়েছিল দুই শতাধিক মানুষ

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকায় দুই শতাধিক মানুষকে আটকে রেখেছিল একটি পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী। তাঁদের উদ্ধারে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।

রোহিঙ্গা আশ্রয়শিবির ২৪ ও ২৬-এর মধ্যবর্তী কাঁটাতারের বেড়া থেকে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার পশ্চিমে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযানটি চালানো হয়। এ সময় সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি হয়।

অভিযান শেষে মানব পাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দেশে তৈরি একটি ওয়ান শুটার গান ও একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে। অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।

মানব পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে একজন সেনাসদস্যের প্রাণহানির ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া ব্যক্তিদের নিরাপত্তা এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার বিষয়টিও সামনে এসেছে।