ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সংখ্যালঘু ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে জামায়াত প্রার্থী ও ১১ দলীয় জোটের বিরুদ্ধে। বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, দাঁড়িপাল্লার প্রার্থীর সমর্থকেরা হিন্দু, বৌদ্ধ ও আদিবাসীসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের কেন্দ্রে না যেতে ভয়ভীতি দেখাচ্ছেন।
মির্জা ফয়সল আমীনের অভিযোগ, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। তাঁর ভাষ্য, নির্বাচন কমিশন এসব অভিযোগ তদন্ত করে অসত্য পেয়েছে এবং সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
ভোটারদের উদ্দেশে বিএনপির এই প্রার্থী বলেন, উপনির্বাচনে সাধারণত ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা থাকলেও এবার তাঁদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আগ্রহ দেখা যাচ্ছে। সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় বালিয়া ইউনিয়নে জামায়াত প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় একজনকে হাতেনাতে আটকের ঘটনাও উল্লেখ করেন মির্জা ফয়সল আমীন। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তা প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত।
নির্বাচনকে গ্রহণযোগ্য ও অর্থবহ করে তোলার পাশাপাশি দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন বিএনপির এই প্রার্থী।




