এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। এবার বোর্ডটিতে পাস করেছেন ৪৫ দশমিক ৯৮ শতাংশ পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। অন্যদিকে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে মাত্র ছয়টি প্রতিষ্ঠান।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ তথ্য জানায়।
বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গত বছরের তুলনায় এবার প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকেই অবনতি হয়েছে। গত বছর পাসের হার ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ। এবার তা কমে ৪৫ দশমিক ৯৮ শতাংশে নেমেছে।
একইভাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছর এ বোর্ডে ৬ হাজার ২৬০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এবার সেই সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৫৩ জনে।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলেও পরিবর্তন এসেছে। গত বছর ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছিলেন। এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমে হয়েছে ছয়টি।
অন্যদিকে, গত বছর ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। এবার এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯টিতে।
ফলাফলের এসব পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের সামগ্রিক পরীক্ষার ফলাফলে অবনতি হয়েছে।




