এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল দেশের শিক্ষাব্যবস্থার বাস্তব অবস্থা তুলে ধরেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশ পাওয়ায় বিএনপি সরকারকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় দৈনিক পঞ্চগড় খবর-এর প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন সারজিস আলম।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী। এই ফলাফলকে শিক্ষার বর্তমান অবস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করে সারজিস বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল নিয়ে আমি বিএনপি সরকারকে ধন্যবাদ দিতে চাই। কারণ, ফলাফলে প্রকৃত চিত্র বের হয়ে এসেছে।’
শিক্ষার্থীদের পড়াশোনার মান কমে যাওয়ার পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত আসক্তি, মাদকের বিস্তার এবং পড়াশোনা থেকে দূরে সরে যাওয়াকে দায়ী করেন তিনি। এ পরিস্থিতির জন্য শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষক ও অভিভাবকদেরও দায় রয়েছে বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা। সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে এ অবস্থা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
এর আগে আওয়ামী লীগ সরকারের আমলের পরীক্ষার ফলাফল নিয়েও সমালোচনা করেন সারজিস আলম। ওই সময়ের ফলাফলকে ‘মাকাল ফলের মতো’ আখ্যা দিয়ে তিনি বলেন, তখন পাসের হার ৯০ শতাংশ পর্যন্ত ছিল এবং অনেক শিক্ষার্থী এ প্লাস পেত। কিন্তু তাদের অনেকে ইংরেজিতে একটি লাইনও ঠিকভাবে লিখতে পারত না বলে দাবি করেন তিনি। এ ধরনের শিক্ষাব্যবস্থা আর চান না বলেও মন্তব্য করেন সারজিস।
দৈনিক পঞ্চগড় খবর-এর সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।




