ফ্রান্সজুড়ে দাঙ্গা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার পর প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। প্যারিস পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত প্লাস দে লা রিপাবলিক ও লে আল শপিং এলাকায় কারফিউ কার্যকর থাকবে। সপ্তাহান্তে এসব এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হয়েছিলেন। এ ছাড়া রাজধানীর কেন্দ্রীয় এলাকার কয়েকটি স্থানে অনুমতি ছাড়া জমায়েতের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্সেই, বোর্দো, নিস, লিওঁ ও লিলসহ বিভিন্ন শহরে তরুণদের চলাচল ও জনসমাগম সীমিত করতে আংশিক কারফিউ ঘোষণা করা হয়েছে।
সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ। তিনি স্বীকার করেছেন, কয়েকটি শহরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি। বিরোধী রাজনীতিকেরা পুলিশের প্রস্তুতি নিয়ে তাঁর সমালোচনা করেছেন। নুনেজ পদত্যাগের প্রস্তাব দিলেও প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ তা প্রত্যাখ্যান করেছেন।
গত মাসে শিক্ষার্থীদের উন্নত স্কুল পরিবেশের দাবিতে বিক্ষোভ শুরু হলেও পরে তা বিস্তৃত আন্দোলনে রূপ নেয়। সপ্তাহান্তে শ্রমিক সংগঠন ও বিভিন্ন প্রতিবাদী গোষ্ঠী এতে যোগ দিলে বিক্ষোভ আরও বড় আকার ধারণ করে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ ঘটনায় আড়াই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় এক হাজার পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, বিক্ষোভ নিয়ন্ত্রণের সময় পুলিশের গ্রেনেডের আঘাতে এক বিক্ষোভকারীর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।
বিবিস বাংলা




