রংপুরে নাস্তা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ১৭ বছর বয়সী এক বাক্প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬১ বছর বয়সী আব্দুল মতিনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মারধরে আহত মতিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তার আব্দুল মতিন রংপুর সিটি করপোরেশনের হারাগাছ থানার চাঁদকুঠি সদবাজার এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।
ভুক্তভোগীর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১ নভেম্বর) রাত ৯টার দিকে কিশোরটি সদবাজার এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় নাস্তা খাওয়ানোর কথা বলে তাকে ফুসলিয়ে একটি গোডাউনের পাশের খালি মাঠে নিয়ে যান মতিন। সেখানে কিশোরটির ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
পরে কিশোরটিকে সদবাজারের কাছে রেখে পালানোর চেষ্টা করেন মতিন। এ সময় কিশোরের কান্না শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তার লুঙ্গিতে রক্তের দাগ দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার কথা জানায়। এরপর স্থানীয়রা মতিনকে আটক করে মারধর করেন। একপর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরটিকে উদ্ধার করে। পরে স্বজনেরা তাকে প্রথমে হারাগাছ ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। অবস্থার পরিপ্রেক্ষিতে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আব্দুল মতিনকে আসামি করে মামলা করেছেন। স্থানীয়দের মারধরে আহত মতিনও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে খবর পেয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।




