রংপুর নগরীর পায়রা চত্বর এলাকার একটি আবাসিক হোটেল থেকে ১৯টি ইয়াবা ট্যাবলেট ও সেবনের সরঞ্জামসহ আটক দুই পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রংপুর মেট্রোপলিটন আদালত তাঁদের জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।
আটক দুই ব্যক্তি হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কোনাবাড়ি গ্রামের ওমর আলী এবং দিনাজপুরের বিরল উপজেলার মোহনপুর গ্রামের মিথুল ইসলাম।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নগরীর পায়রা চত্বর এলাকার স্কাই ভিউ আবাসিক হোটেলের একটি কক্ষে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় কক্ষটির খাটের নিচে ডার্বি সিগারেটের প্যাকেটে রাখা ১৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা সেবনের পাইপ, চারটি গ্যাস লাইট ও দুটি ফয়েল পেপার জব্দ করা হয়। পরে দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমর আলী এর আগেও চাকরিরত অবস্থায় মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন এবং বর্তমানে তিনি বরখাস্ত রয়েছেন। অন্যদিকে মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
তথ্যসূত্র
ঢাকাপোস্ট, জাগো নিউজ, ঢাকা ট্রিবিউন, সময়ের আলো




