TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

শিল্পপতি ছেলেসহ চার সন্তান প্রতিষ্ঠিত, তবু একা ঘরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু।

রিপোর্টার: Admin•Bangladesh•
হালনাগাদ:
শিল্পপতি ছেলেসহ চার সন্তান প্রতিষ্ঠিত, তবু একা ঘরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু।

বরিশালের বাবুগঞ্জে ভাড়া বাসা থেকে তাহমিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে থাকলেও গত প্রায় তিন মাস ধরে তিনি একাই ওই বাসায় বসবাস করছিলেন বলে জানা গেছে। রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার দেহেরগতি ইউনিয়নের নতুন হাট এলাকায় এ ঘটনা ঘটে।

তাহমিনা বেগম দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের প্রয়াত কদম আলী হাওলাদারের স্ত্রী। স্থানীয়দের ধারণা, ঘর থেকে ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়েই তাঁর মরদেহের সন্ধান পাওয়া যায়। মরদেহের অবস্থা দেখে পুলিশের প্রাথমিক ধারণা, দুই দিন আগে শুক্রবার তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সময় ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে স্বামীকে হারানোর পর সন্তানদের বড় করতে কঠোর পরিশ্রম করেন তাহমিনা। সন্তানদের ভবিষ্যৎ গড়ার আশায় স্বামীর বসতঘর বিক্রি করে সৌদি আরবে যান তিনি। সেখানে দীর্ঘদিন কাজ করে উপার্জিত অর্থ দিয়ে সন্তানদের লালনপালন ও প্রতিষ্ঠিত করেন।

তাঁর বড় ছেলে সুমন হাওলাদার বৈদ্যুতিক বোর্ড তৈরির একটি কারখানার মালিক এবং রাজধানীর উত্তরায় নিজস্ব ছয়তলা ভবনে পরিবার নিয়ে বসবাস করেন বলে জানা গেছে। ছোট ছেলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দুই মেয়েরও প্রতিষ্ঠিত পরিবারে বিয়ে হয়েছে বলে স্বজনেরা জানিয়েছেন।

প্রায় তিন মাস আগে তাহমিনা বেগমের বড় ভাই তাঁকে বাবুগঞ্জের নতুন হাট এলাকার একটি ভাড়া বাসায় রাখার ব্যবস্থা করেন। বাড়ির মালিক আব্দুর বারেক জানান, বৃদ্ধা প্রায়ই অসুস্থ থাকতেন। রোববার সকালে ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে খোঁজ নিয়ে তাঁর মরদেহ দেখতে পান তাঁরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। গত তিন মাসে তাঁর সন্তানদের কেউ তাঁকে দেখতে আসেননি বলেও অভিযোগ করেন বাড়ির মালিক।

এ বিষয়ে তাহমিনা বেগমের ছেলে-মেয়েদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বড় ছেলে সুমন হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার জানান, বৃদ্ধার মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।