রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনে জিতলে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক আমেরিকান পাবে ৫০০০ ডলার -ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেলে তিনি প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে পাঁচ হাজার ডলার করে অর্থ দেওয়ার প্রস্তাব করবেন।
এই পরিকল্পনা বাস্তবায়নে এক ট্রিলিয়ন ডলারেরও বেশি ব্যয় হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকালের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত দলের প্রথমবারের মতো জাতীয় সম্মেলনে দেওয়া এক ভাষণে তিনি এ প্রস্তাব দেন।
পরিকল্পনাটি কীভাবে বাস্তবায়িত হবে বা এর অর্থায়ন কীভাবে করা হবে, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত জানাননি। শুধু বলেছেন, এই অর্থ যুক্তরাষ্ট্রের ভেতরেই ব্যয় করতে হবে।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই পরিকল্পনাকে ট্রাম্পের শুল্কনীতি থেকে যুক্তরাষ্ট্র সরকারের অর্জিত রাজস্বের সঙ্গে যুক্ত করেছেন।
ডেমোক্র্যাটরা এটিকে ‘ফাঁকা প্রতিশ্রুতি’ বলে আখ্যা দিয়েছে এবং অন্যরা প্রশ্ন তুলেছেন, এমন প্রতিশ্রুতি আইনগতভাবে বৈধ বা বাস্তবসম্মত কি না।
নির্বাচনী বছরে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করার আহ্বানের প্রেক্ষাপটে, কোনো মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে আমেরিকানদের এমন অর্থ প্রদানের প্রস্তাব দেওয়ার ঘটনা সম্ভবত এটাই প্রথম।
বর্তমানে প্রায় ২৭ কোটি প্রাপ্তবয়স্ক আমেরিকান রয়েছেন। ফলে প্রত্যেককে পাঁচ হাজার ডলার করে দেওয়া হলে যুক্তরাষ্ট্র সরকারের প্রায় ১.৩ ট্রিলিয়ন ডলার ব্যয় হবে।
পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে এমন সময়ে এই প্রশ্ন উঠছে, যখন যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বাড়ছে, যার একটি কারণ হিসেবে ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে উল্লেখ করা হচ্ছে।

