TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

রমজানের আগে ভোজ্যতেলের দাম ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব।

রিপোর্টার: Admin•Bangladesh•
রমজানের আগে ভোজ্যতেলের দাম ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব।

রমজান শুরুর আগেই ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে দাম ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে সোমবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের কাছে এ প্রস্তাব তুলে ধরেন তারা। একই সঙ্গে খেজুর আমদানিতে শুল্ক ছাড়ের দাবিও জানিয়েছেন আমদানিকারকরা।

সোমবার (২৬ অক্টোবর) নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত এক বৈঠকে এসব প্রস্তাব দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। অন্যদিকে, খেজুর আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছে মন্ত্রণালয়।

আমদানিকারকদের হিসাবে, বর্তমানে খেজুর আমদানিতে প্রায় ৫৫ শতাংশ শুল্ক ও কর দিতে হয়। তাদের দাবি, উচ্চ শুল্কায়নমূল্যের কারণে আমদানি ব্যয় বাড়ছে, যার প্রভাব পড়ছে বাজারদরে। এতে সাধারণ ক্রেতাদের জন্য খেজুর কেনা আরও কঠিন হয়ে উঠছে।

বৈঠকে দ্রুত শুল্ক ছাড়ের বিষয়টি কার্যকর করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে অভ্যন্তরীণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানানো হয়েছে।

তবে বাণিজ্যমন্ত্রী খেজুরের জাত, মান ও দামের পার্থক্য বিবেচনায় নিয়ে শুল্ক নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছ ও যৌক্তিক কাঠামো তৈরির ওপর গুরুত্ব দেন। তিনি জানান, মিসর, সৌদি আরব, ইরাক ও আলজেরিয়াসহ প্রায় এক ডজন দেশ থেকে বিভিন্ন মানের খেজুর আমদানি করা হয়। তাই সব ধরনের খেজুরের জন্য একই শুল্কায়নমূল্য নির্ধারণ করলে জটিলতা তৈরি হতে পারে।