রংপুর নগরীর ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যৌন হয়রানি প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়ক সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নিয়েছে রংপুর সিটি করপোরেশন (রসিক)। এরই মধ্যে নগরীর প্রায় ৬০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়কে ক্যামেরা স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রংপুরের আরডিআরএস হলরুমে ‘লিঙ্গভিত্তিক গতানুগতিক ধারণা ও বৈষম্য দূরীকরণ’ শীর্ষক আলোচনা ও নেটওয়ার্কিং সভায় এ তথ্য জানান রসিকের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভয় কাটিয়ে নারীদের নিজেদের উন্নয়নে এগিয়ে আসতে হবে। সমাজে বিদ্যমান বাধাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে তা মোকাবিলায় কাজ করতে হবে। পাশাপাশি জেন্ডার ইস্যু ও সাইবার বুলিং প্রতিরোধে তরুণদের সম্পৃক্ত করে কাজ করার পরিকল্পনা রয়েছে সিটি করপোরেশনের।
রসিক প্রশাসক আরও জানান, শিগগিরই নগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এর ফলে নারী শিক্ষার্থীরা আরও নিরাপদে ও নির্ভয়ে চলাচল করতে পারবেন। একই সঙ্গে অপরাধপ্রবণতা কমাতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রুপান্তরের প্রতিষ্ঠাতা পরিচালক শাহরিয়ার রহমান নাফিজের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন নেদারল্যান্ডস দূতাবাসের কর্মকর্তা হ্যারি মরিল, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, প্ল্যান ইন্টারন্যাশনালের কর্মকর্তা মাহিন রেজা চৌধুরী এবং ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা পল্লব কান্তি রায়সহ অন্যরা।




