TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
আন্তর্জাতিক

মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে মেয়ের গাড়ির নিচেই প্রাণ গেল বাবার

রিপোর্টার: Admin•Bangladesh•
হালনাগাদ:
মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে মেয়ের গাড়ির নিচেই প্রাণ গেল বাবার

মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে সেই গাড়ির নিচেই প্রাণ গেল বাবা আব্দুর রহিমের। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় মুহূর্তেই নেমে এসেছে শোকের ছায়া। বাবাকে হারিয়ে শোকে দিশেহারা হয়ে পড়েছেন তাঁর কন্যা।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল প্রায় ৫টার দিকে ওয়ারেন শহরের ওয়ার্নার এভিনিউতে আব্দুর রহিমের নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মেয়েকে গাড়ি চালানো শেখানোর প্রস্তুতি নিচ্ছিলেন আব্দুর রহিম। বাড়ির ড্রাইভওয়েতে গাড়ি ঘোরানোর সময় তিনি এক পাশে দাঁড়িয়ে মেয়েকে নির্দেশনা দিচ্ছিলেন। একপর্যায়ে গাড়িটি রিভার্স করার সময় ব্রেকের পরিবর্তে ভুল করে অ্যাক্সেলেটরে চাপ পড়ে যায়। মুহূর্তের মধ্যেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রহিমকে সজোরে ধাক্কা দেয় এবং তিনি গাড়ির নিচে চাপা পড়েন।

দ্রুত তাঁকে পুলিশ ও ফায়ার সার্ভিস গাড়ির নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

একটি স্বাভাবিক বিকেল যে এতটা নির্মম পরিণতি বয়ে আনবে, তা হয়তো কল্পনাও করেননি পরিবারের কেউ। মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে পাশে থাকা সেই বাবাই কয়েক মুহূর্তের ব্যবধানে পরিণত হলেন না-ফেরার দেশে। প্রিয় বাবাকে হারিয়ে শোকে মুহ্যমান তাঁর কন্যা ও পরিবারের সদস্যরা।

আব্দুর রহিম বেশ কয়েক বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে মিশিগানের ওয়ারেন শহরে বসবাস করছিলেন। তিনি ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর আদি নিবাস মানিকগঞ্জ জেলায়।

অমায়িক ও সদালাপী মানুষ হিসেবে কমিউনিটিতে পরিচিত ছিলেন আব্দুর রহিম। তাঁর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে মিশিগানের বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজন, বন্ধু ও পরিচিতজনেরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পুলিশ ঘটনা তদন্ত করছে