ডিমযুক্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে ১১১ জন সংসদ সদস্যকে আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
রোববার (১৮ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ সম্পদ সংরক্ষণে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে। এ সময় নির্ধারিত এলাকায় মাছ ধরা এবং দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বিক্রি ও কেনা আইনত নিষিদ্ধ।
ডিও লেটারে মন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের মাধ্যমে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি জেলেদের আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা এবং অবৈধভাবে ইলিশ আহরণ নিরুৎসাহিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ করেন তিনি। মন্ত্রীর মতে, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সক্রিয় সহযোগিতা এ অভিযান বাস্তবায়নকে আরও কার্যকর করতে পারে।




