গাজীপুরের কাশিমপুরে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিদের মধ্যে কয়েকজনের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। গুরুতর অবস্থায় তাঁদের দুপুর ২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
দগ্ধ পাঁচজন হলেন রিয়াজুল শেখ, আরিফা বেগম, ফারিয়া, ১৮ বছর বয়সী রোজিনা এবং এক বছর বয়সী শিশু মো. রহিম। তাঁদের মধ্যে রিয়াজুল শেখের শরীরের ৪০ শতাংশ, আরিফা বেগমের ৫ শতাংশ এবং ফারিয়ার ৮ শতাংশ পুড়ে গেছে। রোজিনা ও শিশু রহিমের শরীরের এক শতাংশেরও কম দগ্ধ হয়েছে। রিয়াজুল শেখের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদারের বরাত দিয়ে জানান, দগ্ধ পাঁচজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।




