মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আগে থেকে কিছু জানত না বাংলাদেশ মিশন। গণমাধ্যমে খবর প্রকাশের পর অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।
বৃহস্পতিবার জেদ্দার পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও কনস্যুলেটের কর্মকর্তারা। কনস্যুলেটের এক কর্মকর্তা জানান, বিচারপ্রক্রিয়া বা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ দূতাবাসকে কোনো কূটনৈতিক পত্র কিংবা তথ্য জানানো হয়নি।
সৌদি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বুধবার নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার নামে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।




