বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরবর্তী সময়ে শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানায়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব দিকে সরে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার দুপুর ১২টায় গভীর নিম্নচাপটির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণে, মোংলা থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে।
গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা হাওয়া আকারে এই গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠছে। এর প্রভাবে কেন্দ্রের আশপাশের সাগর উত্তাল রয়েছে।
সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা থাকায় পরিস্থিতির ওপর নজর রাখছে আবহাওয়া অধিদপ্তর। গভীর নিম্নচাপটির গতিপথ ও শক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরবর্তী পূর্বাভাসে নতুন তথ্য আসতে পারে।




