প্রধানমন্ত্রীর রংপুর সফরকে কেন্দ্র করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে ব্যাপক পরিচ্ছন্নতা ও প্রস্তুতি কার্যক্রম। নির্ধারিত কর্মসূচিতে হাসপাতাল পরিদর্শনের কথা না থাকলেও তিনি আকস্মিকভাবে সেখানে যেতে পারেন—এমন সম্ভাবনায় রাতভর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, টয়লেট ও অন্যান্য স্থাপনা ধোয়া-মোছা করা হয়েছে। পরিষ্কার করা হচ্ছে হাসপাতালের আশপাশের এলাকাও, সরিয়ে ফেলা হয়েছে সামনের ব্যানার ও ফেস্টুন।
শুধু পরিচ্ছন্নতা নয়, হাসপাতালের রোগীদের সেবাতেও দেখা গেছে বাড়তি তৎপরতা। রোগীদের নতুন বেড কভার দেওয়া হচ্ছে, সরবরাহ করা হচ্ছে ওষুধ। চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আগের তুলনায় বেশি খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা। কয়েকজন রোগীর ভাষ্য, হঠাৎ করেই তাঁদের প্রতি চিকিৎসাসেবায় বাড়তি মনোযোগ দেখা যাচ্ছে। এতে প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে ঘিরেই কি হাসপাতালের এই তৎপরতা বেড়েছে?
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মানিক জানান, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন ওয়ার্ড ও টয়লেট পরিষ্কার করা হয়েছে এবং দিনের বেলাতেও পরিচ্ছন্নতার কাজ চলবে। হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, চিকিৎসক, নার্স ও বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্টদের নিজ নিজ ওয়ার্ডে অবস্থান করে রোগীদের সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার রংপুর সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান নগরীর ঐতিহ্যবাহী ধর্মসভা রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। তবে হাসপাতাল পরিদর্শনের বিষয়টি এখনো নিশ্চিত নয়।




