TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে আসছে চারটি নতুন বই।

রিপোর্টার: Admin•Bangladesh•
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে আসছে চারটি নতুন বই।

২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যবইয়ে নতুন চারটি বিষয় যুক্ত করার অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। অনুমোদন পেলেও বইগুলো চূড়ান্ত করার আগে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করা হবে।

রোববার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত পৃথক দুটি সভায় বইগুলোর অনুমোদন দেওয়া হয়। চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নতুন বই দুটি হলো ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। অন্যদিকে, ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং ‘আমার কারিগরি শিক্ষা’।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আগামী শিক্ষাবর্ষের জন্য বইগুলো প্রস্তুত করছে। সংশ্লিষ্টদের মতে, নতুন বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত পড়াশোনার চাপ না বাড়ানোর বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।

এর আগে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানিয়েছিলেন, নতুন বই যুক্ত করার উদ্দেশ্য শিক্ষার্থীদের পড়ার বোঝা বাড়ানো নয়। পাশাপাশি, বিষয়গুলোর মূল্যায়ন প্রচলিত পদ্ধতিতে নম্বরের মাধ্যমেই করা হবে।

পরিমার্জনের কাজ শেষে বইগুলো চূড়ান্ত হলে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা নতুন বিষয়গুলো পড়ার সুযোগ পাবে।