ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে নাগরিকদেরও দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে বিএনসিসি ও স্কাউট সদস্যদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সাত দিনের মধ্যে উন্নতির নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধই সবচেয়ে কার্যকর উপায়। এ জন্য কোথাও পানি জমতে না দেওয়া, চারপাশ পরিষ্কার রাখা এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের ও পরিবারের সদস্যদের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি। তাঁর মতে, তরুণদের সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ ও সবুজায়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।




