TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
রাজনীতি

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় ছাত্রীদের সাইকেল, বিনামূল্যে চক্ষুসেবা।

রিপোর্টার: Admin•Bangladesh•
জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় ছাত্রীদের সাইকেল, বিনামূল্যে চক্ষুসেবা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলায় শিক্ষার্থী ও অসহায় মানুষের জন্য বিশেষ কর্মসূচি আয়োজন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) এসব কর্মসূচিতে মেধাবী ছাত্রীদের সাইকেল দেওয়া হয় এবং বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।

শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৫৪৮ জন ছাত্রীর হাতে গোলাপি সাইকেল তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই অনুষ্ঠানে ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে জাইমা রহমানের ছবি সংবলিত মগ উপহার দেওয়া হয়।

আয়োজকদের ভাষ্য, ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা, নারীশিক্ষায় উৎসাহ বাড়ানো এবং শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করাই সাইকেল বিতরণের উদ্দেশ্য।

দিনের অন্য কর্মসূচিতে শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে চক্ষুসেবা ও ছানি অপারেশন ক্যাম্প বসানো হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, দুই দিনে প্রায় চার হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর আগে মোকামতলার সৈয়দপুর ইউনিয়নে দুই হাজার মানুষ এ সেবা পেয়েছেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মেয়েদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াতের সুযোগ তৈরি করা এবং বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি তিনি তাঁর নির্বাচনী এলাকার মানুষের চোখের সমস্যার চিকিৎসায় পর্যায়ক্রমে উদ্যোগ নেওয়ার কথা জানান।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে জাইমা রহমান ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।