TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

ছিনতাই করা মোটরসাইকেল ফেসবুকে বিক্রির চেষ্টা, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪ জন।

রিপোর্টার: Admin•Bangladesh•
ছিনতাই করা মোটরসাইকেল ফেসবুকে বিক্রির চেষ্টা, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪ জন।

চট্টগ্রাম নগরে ছিনতাই করা ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল ফেসবুকে বিক্রির চেষ্টা করতে গিয়ে বান্দরবান জেলা পুলিশ লাইন্সের এক কনস্টেবলসহ চারজন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে খুলশী থানা-পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোটরসাইকেলটির পাশাপাশি অপরাধে ব্যবহৃত আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার কনস্টেবলের নাম অনিক দাশ (২৭)। অন্য তিনজন হলেন ওয়াহিদ মোহাম্মদ জেবল হোসেন ওরফে অনিক ওয়াহিদ (৩৯), মহিউদ্দিন সেলিম (৫২) এবং মোহাম্মদ ওয়াহিদ নাসির ওরফে ডায়মন্ড (৩৮)।

পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর রাতে মারুফুর রহমান অপু বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে রাত আনুমানিক একটার দিকে খুলশী থানার জাকির হোসেন রোডে ফয়েজ লেক চক্ষু হাসপাতালের সামনে দুর্বৃত্তদের কবলে পড়েন। একটি মেরুন রঙের ব্যক্তিগত গাড়ি ও দুটি মোটরসাইকেল দিয়ে তাদের পথ আটকে মারুফুরকে মারধর করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়।

পরে তাকে জোর করে একটি ব্যক্তিগত গাড়িতে তুলে বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে হুমকি দিয়ে চলে যায় দুর্বৃত্তরা।

খুলশী থানার উপপরিদর্শক গোলাম মোহাম্মদ নাসিম জানান, ঘটনার কয়েক দিন পর ‘অহমি’ নামের একটি ফেসবুক আইডি থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে মারুফুর ক্রেতা সেজে ওই আইডিতে যোগাযোগ করেন এবং মোটরসাইকেলটি কেনার বিষয়ে সমঝোতা করেন। এ জন্য অগ্রিম ৫ হাজার টাকাও পাঠান তিনি।

পরে নির্ধারিত সময়ে বায়েজিদ লিংক রোডের মুখে পুলিশ বক্সের সামনে মোটরসাইকেলটি হস্তান্তরের সময় পুলিশের সহায়তায় ফাঁদ পেতে কনস্টেবল অনিক দাশকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে নগরের বায়েজিদ লিংক রোড, পাহাড়তলী ও সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়।