TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান, প্রতিমন্ত্রী ইশরাকের হাতে আটক ৬জন।

রিপোর্টার: Admin•Dhaka, Bangladesh•
হালনাগাদ:
গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান, প্রতিমন্ত্রী ইশরাকের হাতে আটক ৬জন।

রাজধানীর গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। প্রতিমন্ত্রী নিজের সরকারি ফেসবুক পেজে অভিযানের দুটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশকে নিয়ে যেতে দেখা যায়।

প্রকাশিত ভিডিওতে ইশরাক হোসেনের হাতে একটি পিস্তলও দেখা গেছে। তবে অস্ত্রটির কিছু অংশ ঝাপসা করা থাকায় সেটির ধরন নিশ্চিত হওয়া যায়নি। অভিযানের সময় তাঁর হাতে অস্ত্র থাকার কারণ কিংবা সেটি ব্যবহার করা হয়েছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ইশরাক হোসেনের মিডিয়া সেলের পাঠানো এক বার্তায় জানানো হয়, ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারে যে দলেরই কেউ জড়িত থাকুক, তাকে ছাড় দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী। নিজের দলের কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

অভিযানকালে স্থানীয়দের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, মাদক কারবারিদের তাঁর নির্বাচনী এলাকায় থাকতে দেওয়া হবে না। মাদকের কারণে তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি জানান, গত ছয় মাস ধরে গোয়েন্দাদের মাধ্যমে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। মাদক সরবরাহকারীদের শনাক্ত ও আটকে সহযোগিতাকারীদেরও উৎসাহিত করেন তিনি।

আটক ব্যক্তিরা ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে প্রতিমন্ত্রী তাঁদের বলেন, তাঁদের মারধর করার জন্য অভিযান চালানো হয়নি। তাঁদের পুলিশের কাছে নেওয়া হবে এবং আইন অনুযায়ী বিচার হবে।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, প্রতিমন্ত্রী ছয়জনকে আটক করার পর থানায় যোগাযোগ করেন। পরে পুলিশ সদস্যরা গিয়ে তাঁদের থানায় নিয়ে আসেন। আটক ব্যক্তিদের কাছ থেকে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে। সেগুলো হেরোইন কি না, পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।।