ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো সৌদি প্রবাসী আক্কাস মিয়ার ছেলে মো. হুজাইফা ও মো. আকরাম।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল দুই ভাই। এ সময় তাদের বল পুকুরের পানিতে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে প্রথমে একজন পানিতে পড়ে যায়। ভাইকে বাঁচাতে গিয়ে অপরজনও পানিতে নামলে দুজনই ডুবে যায়।
পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে দুপুরের দিকে পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাদের মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।




