রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের দীঘলটারী সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে জেনারেটরে হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ শাকিল (১৯-২০) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। শাকিল মধুপুর বাজারের জামাল ডেকোরেটরে কাজ করতেন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের তথ্যমতে, সকাল ১১টা ৪৫ মিনিটে তাঁকে হাসপাতালে নেওয়ার সময়ই তিনি মারা গিয়েছিলেন।
নিহত শাকিল টেপামধুপুর ইউনিয়নের মন্ডলটারী গ্রামের বাসিন্দা। তিনি জাহিদুল ইসলামের ছেলে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




