TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, পরিচয় মিলেছে ৬ জনের

রিপোর্টার: Admin•Cox's Bazar, Bangladesh•
হালনাগাদ:
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, পরিচয় মিলেছে ৬ জনের

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচ সদস্য ও পাঁচ বছর বয়সী এক শিশুও রয়েছে। এ ঘটনায় আহত ছয়জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন রাজধানীর বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিজ তেহামী জেরিফ (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ। নিহত নাফিজ তেহামী জেরিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগে অধ্যয়নরত ছিলেন।

নিহতদের স্বজন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আহাদ সরকার জানান, নিহতদের মধ্যে পাঁচজন তাঁর কাজিন এবং একজন পাঁচ বছর বয়সী ভাগনি। এ ঘটনায় তাঁর মামা মাসুদ ও মামি মেহেরুন্নেসাও আহত হয়েছেন। তাঁরা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে আহাদ সরকার জানান, প্রথমে পরিবারের ছয় সদস্যের মৃত্যুর খবর পান তিনি। পরে আরও একজনের মৃত্যুর খবর আসে। স্বজনদের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। শোকবার্তায় তিনি দুর্ঘটনাটিকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ শনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েমও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে নাফিজ তেহামীসহ একই পরিবারের ছয় সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ছয়জন হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শনিবার সকালে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠের তৈরি টুপটুপ রিসোর্টে আগুন লাগে। সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগার পর ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তথ্যসূত্র

ঢাকাপোস্ট