TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

কক্সবাজার সৈকতে ভেসে এলো আরও এক পর্যটকের মরদেহ, নিহত বেড়ে ৪।

রিপোর্টার: Admin•Cox's Bazar, Bangladesh•
কক্সবাজার সৈকতে ভেসে এলো আরও এক পর্যটকের মরদেহ, নিহত বেড়ে ৪।

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পাঁচ পর্যটকের মধ্যে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন একজন।

উদ্ধার হওয়া পর্যটকের নাম মোহাম্মদ হারুন। তিনি চট্টগ্রামের বায়েজিদ এলাকার বাসিন্দা মোহাম্মদ কবিরের ছেলে। স্বজনেরা তাঁর মরদেহ শনাক্ত করেছেন বলে জানা গেছে।

এর আগে বুধবার (২১ অক্টোবর) বিকেলে হিমছড়ির মারিনা রিসোর্ট-সংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। তাঁরা হলেন ঢাকার উত্তরার দিয়াবাড়ির রোহান (২৩) ও শহীদুল ইসলাম জিসান (২৩) এবং চট্টগ্রামের বায়েজিদ শার্সা এলাকার মোহাম্মদ আকাশ (২১)। এ ঘটনায় ঢাকার আজিমপুরের বাসিন্দা নাফিসুল হক নিবিড় (২২) এখনো নিখোঁজ রয়েছেন।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান জানান, দুটি পৃথক পর্যটক দল হিমছড়ির পেঁচারদ্বীপ জাদুঘর-সংলগ্ন রেজু খাল পেরিয়ে সমুদ্র ও খালের মোহনায় জেগে ওঠা একটি বালুচরে বেড়াতে যায়। বিকেলে জোয়ারের পানি বাড়তে থাকলে বালুচরটি ধীরে ধীরে পানিতে তলিয়ে যায়। একপর্যায়ে পর্যটকেরা সাগরের পানিতে আটকা পড়েন।

খবর পেয়ে স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন। তাঁদের প্রচেষ্টায় চট্টগ্রাম থেকে আসা পর্যটক দলের তিন সদস্যকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে উদ্ধার হয় আরও একজনের মরদেহ।

জীবিত উদ্ধার হওয়া তিন পর্যটকের মধ্যে রাকিব হাসান, মো. সানী ও মোহাম্মদ আকাশ রয়েছেন। তাঁরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের ভাষ্য অনুযায়ী, বুধবার দুপুরে কক্সবাজারে পৌঁছে তাঁরা পেঁচারদ্বীপের একটি রিসোর্টে ওঠেন। বিকেল সাড়ে ৩টার দিকে রেজু খাল পেরিয়ে বালুচরে যাওয়ার পর জোয়ারের পানি বেড়ে তাঁরা বিপদে পড়েন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, নিহত চারজনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।