TPV — the People view
ব্রেকিং
নতুন ব্রেকিং নিউজ লোড হচ্ছে...
বাংলাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর আসছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার: Admin•Rangpur, Bangladesh•
হালনাগাদ:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর আসছেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসব উদযাপনের অংশ হিসেবে রাজধানীর বাইরে সনাতনী ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসব পরিদর্শনে আগামী ২০ অক্টোবর রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান।

জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী রংপুর নগরীর ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দিরে (ধর্মসভা) পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে। তবে তাঁর আগমনকে কেন্দ্র করে নগরীর শ্রী শ্রী করুণাময়ী কালিমন্দির, ধর্মসভা এবং গুপ্তপাড়া দুর্গা মন্দিরও প্রস্তুত করা হচ্ছে।

গুপ্তপাড়া দুর্গা মন্দির কমিটির সভাপতি সুব্রত সরকার মুকুল বলেন, “আমরা এখনও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো চিঠি পাইনি। তবে এসএসএফ ও এনএসআই এর প্রতিনিধিরা মণ্ডপ পরিদর্শন করে গেছেন। আমরাও প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি এবং আমাদের প্রস্তুতিও রয়েছে।”

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে রংপুরের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মাঝে সাংগঠনিক প্রস্তুতি, সমন্বয় জোরদার এবং ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ লক্ষ্য করা গেছে।

সফর সফল করার প্রস্তুতিমূলক আলোচনা করতে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নগরীর তিলোত্তমা হোটেলে এক জরুরি সভা ডেকেছে জেলা বিএনপি। সভায় জেলা বিএনপির অধীনস্থ উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, “প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে রংপুরের মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী রাজধানীর বাইরে শারদীয় দুর্গোৎসব দেখতে দেশের এই অঞ্চলে আসছেন, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।”

তিনি প্রধানমন্ত্রীর এই সফর সফলভাবে সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।