কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতে অবস্থিত কাঠের তৈরি টুপটুপ রিসোর্টটি প্রয়োজনীয় অনুমোদন ও ফায়ার সার্ভিসের লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। গত জুনে পরিদর্শনের পর রিসোর্টটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সতর্কতামূলক নোটিশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
শনিবার (১৭ অক্টোবর) ফায়ার সার্ভিস সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, তিনতলা কাঠের রিসোর্টটির নিচতলায় রেস্তোরাঁ এবং ওপরের দুই তলায় পর্যটকদের থাকার ব্যবস্থা ছিল। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সেখানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১০ জনের বেশি। নিকটতম ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ছিল প্রায় ২২ কিলোমিটার।
রিসোর্টটিতে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত নয়। মহাপরিচালক জানিয়েছেন, তদন্ত শেষ হওয়ার আগে আগুনের কারণ সম্পর্কে অনুমান করা ঠিক হবে না। তিনি আরও বলেন, পর্যটন এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুমোদনহীন ও দাহ্য উপকরণে তৈরি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া এবং নজরদারি জোরদারের উদ্যোগ নেওয়া হবে।




